লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

বাংলা টিভি ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির মধ্যেও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় যানবাহন চলাচল অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন সড়কে বাস, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহন চলাচল করতে দেখা গেছে। রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহন চলাচল থাকলেও গণপরিবহনের সংখ্যা কিছুটা কম ছিল। তবে অধিকাংশ এলাকায় দৈনন্দিন কার্যক্রম অব্যাহত রয়েছে।
অন্যদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশে দূরপাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। ঢাকা-আরিচা ও ঢাকা-পাটুরিয়া মহাসড়কেও যান চলাচল অব্যাহত থাকার খবর পাওয়া গেছে। তবে দেশের কিছু এলাকায় সহিংসতা, অগ্নিসংযোগ ও যানবাহনে হামলার ঘটনাও ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও স্থাপনায় বাড়ানো হয়েছে নজরদারি।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সাত জেলায় ৯৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। আরও পাঁচ প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে। বিজিবির বৃহস্পতিবারের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকায় ২৩ প্লাটুন, চট্টগ্রামে ১৫, নারায়ণগঞ্জে ৬, গাজীপুরে ১৫, গোপালগঞ্জে ২৭, ময়মনসিংহে ২ এবং ফরিদপুরে ৩ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।
লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা ও সহিংসতা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।



