জাতীয়

১৬ বছর জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে শাসন করেছে সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: একটি সন্ত্রাসী গোষ্ঠী বিগত ১৬ বছর জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে দেশ শাসন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের মহেন্দ্রনগরে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘একটি সন্ত্রাসী মহল দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছে। জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৬ বছর শাসন করেছে। ১৬ বছর মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। এত বছর তারা ক্ষমতায় থেকেও কোনো তিস্তা ব্যারাজ, পদ্মা ব্যারাজ নির্মাণ করেনি। এসব জেলায় গ্যাস আনেনি। দেশের মানুষের প্রতি তাদের দরদ নেই। তারা কোটি কোটি টাকা পাচার করে আরাম-আয়েশে বিদেশে জীবনযাপন করেছে।’

সীমান্তের ওপারে সন্ত্রাসী গোষ্ঠীর প্রভু রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘তারা সেখানে পালিয়ে গেছে। যারা চব্বিশে মানুষ হত্যা করে পালিয়ে গেছে, তারা আবার আগুন-সন্ত্রাস শুরু করেছে। পেছন থেকে মানুষ পুড়িয়ে মারছে।’

জনগণের উদ্দেশে সরকারপ্রধান বলেন, ‘গুম-খুনের আবার পারমিশন দেবেন? ভোটাধিকার কেড়ে নেয়ার পারমিশন দেবেন? যদি না দেন, তবে চব্বিশের মতো আবার ঐক্যবদ্ধ হতে হবে। সময় এসেছে।’

মানুষ আর গুম-খুনের রাজনীতি চায় না উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে একটাই জবাব, যথেষ্ট হয়েছে। মানুষ আর গুম-খুনের রাজনীতি চায় না। মানুষ চায় উন্নয়নের রাজনীতি, যেখানে দেশের মানুষের ভাগ্যোন্নয়ন হবে।’

খাল খননের উপকারিতা তুলে ধরে তিনি বলেন,‘মহেন্দ্রনগর খাল পুনঃখনন করার পর তিস্তা নদীতে মিশবে। এর উপকারিতা পাবে লালমনিরহাটসহ আশপাশের কৃষক ও সাধারণ মানুষ। তাদের কষ্ট লাঘব হবে। খালের ভেতর ভাগ ভাগ করে তরুণদের মধ্যে বণ্টন করা হবে। সেখানে মাছ চাষ ও হাঁস পালনে তরুণদের উদ্বুদ্ধ করা হবে। এর মাধ্যমে কর্মসংস্থান তৈরি হবে।’

নারীদের ফ্যামিলি কার্ড দেয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার এগিয়ে যাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে আগামী মাস থেকে ফ্যামিলি কার্ড দেয়া শুরু হবে। প্রথম পর্যায়ে অতিদরিদ্র ও দরিদ্রদের কার্ড দেয়া হচ্ছে। এই কার্ডের মাধ্যমে প্রতিটি নারী প্রতি মাসে আড়াই হাজার টাকা করে পাবেন। কৃষকদেরও কৃষক কার্ড দেয়া হচ্ছে। ইমাম ও ধর্মগুরুদের সম্মানী দেয়ার ব্যবস্থা করা হয়েছে। এ বছর ২ লাখ ৫৬ হাজার ইমাম ও ধর্মগুরুদের সম্মানী পৌঁছে দেয়া হবে।’

প্রাথমিক পর্যায়ে বইয়ের পাশাপাশি স্কুলড্রেস পৌঁছে দেয়া হবে বলেও জানান তারেক রহমান। তিনি বলেন, ‘ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেয়া হবে। প্রতি উপজেলায় খেলার মাঠ তৈরি করবে সরকার।’

বিএনপি মানুষের জন্য কাজ করছে জানিয়ে তিনি বলেন, ‘খুলনা থেকে পঞ্চগড় পর্যন্ত গ্যাস লাইন আনা হবে। এর মাধ্যমে কলকারখানা চলবে, লালমনিরহাটে বিনিয়োগ বাড়বে।’

সংশ্লিষ্ট খবর

Back to top button