আর্জেন্টিনার প্রেমে হাবুডুবু সমর্থকের, পুরো শরীরে আঁকলেন পতাকা

বাংলা টিভি ডেস্ক: বিশ্বকাপ ফুটবল ঘিরে প্রিয় দলের প্রতি সমর্থকদের উন্মাদনার কমতি নেই। কেউ বাড়ির ছাদে বিশাল পতাকা টাঙান, কেউ আবার প্রিয় দলের জার্সি পরে উৎসবে মেতে ওঠেন। তবে সিরাজগঞ্জের তাড়াশে এক আর্জেন্টিনা সমর্থক নিজের পুরো শরীর আকাশি-সাদা রঙে রাঙিয়ে ভিন্নধর্মী ভালোবাসার নজির গড়েছেন।
ব্যতিক্রমী এই সমর্থকের নাম রিপন হোসেন। তাড়াশ পৌর শহরের প্রেস ক্লাবসংলগ্ন এলাকায় তার একটি চায়ের দোকান রয়েছে। উপজেলার দক্ষিণপাড়ার বাসিন্দা রিপন দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনা এবং দলের অধিনায়ক লিওনেল মেসির ভক্ত। বিশ্বকাপ উপলক্ষে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতেই তিনি নিজের শরীরে আর্জেন্টিনার পতাকার রং ধারণ করেছেন।
রিপনের এই অভিনব উদ্যোগ দেখতে প্রতিদিনই তার দোকানে ভিড় করছেন ফুটবলপ্রেমী ও উৎসুক মানুষ। অনেকেই তার সঙ্গে ছবি তুলছেন, আবার কেউ ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। এতে ছোট্ট চায়ের দোকানটি এখন স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদেরও আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে।
রিপন হোসেন বলেন, ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনা ও লিওনেল মেসির সমর্থক। তাই বিশ্বকাপকে ঘিরে অন্যরকম কিছু করার ইচ্ছা থেকেই নিজের শরীরকে আর্জেন্টিনার পতাকার রঙে সাজিয়েছেন। মানুষের ভালোবাসা ও আগ্রহ তাকে আরও অনুপ্রাণিত করছে বলেও জানান তিনি।
স্থানীয়দের মতে, ফুটবল বিশ্বকাপ উপলক্ষে নানা ধরনের আয়োজন দেখা গেলেও পুরো শরীরকে প্রিয় দলের পতাকার রঙে রাঙিয়ে সমর্থন জানানোর ঘটনা তাড়াশে এবারই প্রথম।
স্থানীয় সাংবাদিক সাব্বির মির্জা বলেন, রিপনের এই উদ্যোগ ফুটবলপ্রেমের এক অনন্য উদাহরণ। বিশ্বকাপের আবেগ কীভাবে একটি সাধারণ চায়ের দোকানকে মানুষের মিলনস্থলে পরিণত করতে পারে, তারই বাস্তব চিত্র এটি।



