Uncategorizedবাংলাদেশ

পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশের রাষ্ট্রপতির পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তিনি জাতীয় সংসদ সচিবালয়ে নিজের পদত্যাগপত্র জমা দেন।

এ বিষয়ে বিকেল ৫টায় জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংবিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার। একই সঙ্গে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি বিভিন্ন মহল থেকে জোরালো হতে থাকে। পরে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির প্রারম্ভিক ভাষণের সময় বিরোধী দলের সংসদ সদস্যরাও তার বিরুদ্ধে প্রতিবাদ জানান।

মো. সাহাবুদ্দিন দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে ২০২৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব গ্রহণ করেন। নিয়ম অনুযায়ী তার পাঁচ বছরের মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল।

তার রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সময় দেশ গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে যায়। এ সময় ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান, আওয়ামী লীগ সরকারের পতন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়া দেশের ইতিহাসে স্বল্প সময়ের ব্যবধানে তিনজন ভিন্ন সরকারপ্রধানকে শপথ পড়ানোর বিরল নজিরও গড়েন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button