বাংলাদেশ

কালকিনিতে হাসপাতালের ওয়াশরুম নিজহাতে পরিস্কার করলেন এমপি খোকন

বাংলা টিভি ডেস্ক: মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়াশরুমগুলোর অপরিচ্ছন্ন পরিবেশ দেখে নিজেই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নেমেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিছুর রহমান তালুকদার খোকন।

শনিবার (১৭ অক্টোবর) আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিদর্শনে গিয়ে তিনি বিভিন্ন ওয়াশরুমের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।

এ সময় পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরে আনিছুর রহমান তালুকদার খোকন বলেন, নিজের ঘরবাড়ির পাশাপাশি সমাজ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকেও নিজেদের সম্পদ মনে করে পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। এসব প্রতিষ্ঠানকে সব সময় স্বাস্থ্যকর, বাসযোগ্য ও ব্যবহার উপযোগী রাখার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, মানুষ যেখান থেকে সেবা গ্রহণ করবে, সেই প্রতিষ্ঠানকে নিজের বাড়ির মতো মনে করে যত্ন নেওয়া উচিত। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং জনগণের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি।

সংসদ সদস্য খোকন বলেন, প্রধানমন্ত্রীর কর্মী হিসেবে তাঁরাও জনগণের পাশে থাকতে বদ্ধপরিকর। তবে এ লক্ষ্য বাস্তবায়নে নাগরিকদের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।

স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের সময় কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সরদারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button