Uncategorized

স্পিকারের বাসভবনে ভিভিআইপি নিরাপত্তা জারি

বাংলা টিভি ডেস্ক: রাষ্ট্রপতির পদত্যাগের পর দেশের সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।

শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে জমা দেন।

এ ঘটনার পরপরই স্পিকারের সরকারি বাসভবন ও জাতীয় সংসদ ভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণকে সামনে রেখে বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) প্রয়োজনীয় প্রটোকল কার্যক্রম শুরু করেছে।

দুপুরের পর থেকেই জাতীয় সংসদ ভবন এলাকায় এসএসএফের গাড়িবহর মোতায়েন করা হয়। স্পিকারের চলাচলের জন্য ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির নির্ধারিত নিরাপত্তা ও ভিআইপি প্রটোকলও প্রস্তুত রাখা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টা ২৬ মিনিটের দিকে রাষ্ট্রপতির ব্যবহারের জন্য নির্ধারিত একটি গাড়িসহ এসএসএফের একাধিক প্রটোকল যানবাহন জাতীয় সংসদ ভবনে প্রবেশ করে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় যানবাহন ও নিরাপত্তা ব্যবস্থা সেখানে প্রস্তুত রাখা হয়েছে।

এর আগে কয়েক দিন ধরেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছিল। এ অবস্থায় থাইল্যান্ডে চিকিৎসা শেষে নির্ধারিত সময়ের দুই দিন আগেই শুক্রবার দুপুরে দেশে ফেরেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংবিধানের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি পদত্যাগ করলে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button