গ্রাম বাংলাদেশবাংলাবাংলাদেশ

বিএনপিতে যোগ দিলেন জামায়াতের ২০ নেতাকর্মী

সিরাজগঞ্জ (ডিজিটাল) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০ জন নেতা-কর্মী দল ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। তাদের মধ্যে রয়েছেন উল্লাপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের জামায়াতের উপদেষ্টা কোবাদ হোসেন।

শনিবার রাত ৮টার দিকে উল্লাপাড়া রেলস্টেশন এলাকার বিএনপির দলীয় কার্যালয়ে সাবেক সংসদ সদস্য এম আকবর আলীর হাত ধরে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

যোগদান উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফুল দিয়ে কোবাদ হোসেনসহ নতুন ২০ জন সদস্যকে দলে স্বাগত জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কোবাদ হোসেন দাবি করেন, দীর্ঘদিন জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও দলটির কর্মকাণ্ডে তিনি প্রত্যাশিত আদর্শ ও নৈতিকতার প্রতিফলন দেখেননি। তার ভাষ্য, দলের কার্যক্রমে কথার সঙ্গে কাজের মিল পাননি বলেই তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও অভিযোগ করেন, জামায়াতের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন অনুদান সাধারণ মানুষের পরিবর্তে দলীয় কর্মী ও আত্মীয়-স্বজনদের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এসব বিষয় তার বিবেককে নাড়া দিয়েছে বলেই তিনি বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে বক্তব্যে উল্লেখ করেন।

অন্যদিকে অনুষ্ঠানের প্রধান অতিথি ও সাবেক সংসদ সদস্য এম আকবর আলী বলেন, বিএনপির আদর্শে উদ্বুদ্ধ হয়েই কোবাদ হোসেনসহ ২০ জন জামায়াত ছেড়ে বিএনপিতে যোগদান করেছেন। তিনি নতুন সদস্যদের অভিনন্দন জানিয়ে দলের কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

একসঙ্গে ২০ জনের বিএনপিতে যোগদান এবং জামায়াতের স্থানীয় উপদেষ্টা কোবাদ হোসেনের দলবদলকে কেন্দ্র করে উল্লাপাড়ার রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই যোগদানের প্রভাব ভবিষ্যতে স্থানীয় রাজনীতিতে কতটা পড়বে, সেটিই এখন দেখার বিষয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button