পানির পাইপলাইনে বিষ প্রয়োগ ‘সাবভার্সিভ অ্যাক্টিভিটিজ’: এসপি মাসুদ

বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রামের পুলিশ সুপার মাসুদ আলম বলেছেন, রাস্তা কেটে ফেলা, যৌথ বাহিনীর ক্যাম্প ভাঙচুর বা গুঁড়িয়ে দেওয়ার মতো ঘটনাগুলো পরিকল্পিত অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের অংশ। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে স্পেশাল পাওয়ার অ্যাক্টে নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে এবং তাদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে।
রোববার (২৬ জুলাই) রাতে মোবাইল ফোনে সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার জানান, আলীনগরে যৌথ বাহিনীর ক্যাম্পে র্যাব, বিজিবি ও পুলিশের প্রায় ৩০০ সদস্য দায়িত্ব পালন করছেন। তাদের ব্যবহারের জন্য থাকা একটি ডিপটিউবওয়েলের পানির সংযোগস্থলে দুর্বৃত্তরা বিষ বা বিষজাতীয় কোনো পদার্থ মিশিয়ে দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া গেছে। সকালে দায়িত্বপ্রাপ্ত অপারেটর পানির ট্যাংক পরীক্ষা করতে গিয়ে দুর্গন্ধ টের পেয়ে বিষয়টি সংশ্লিষ্টদের জানালে সবাই সতর্ক হয়ে যান।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে রাস্তা কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করা কিংবা নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে হামলার মতো ঘটনাগুলো বিচ্ছিন্ন নয়; বরং এগুলো রাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে পরিচালিত পরিকল্পিত অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড। এ ধরনের অপরাধে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।



