গ্রাম বাংলাদেশবাংলা

স্ত্রীর অপপ্রচারের প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলায় জমির ক্রেতার বিরুদ্ধে স্ত্রীর পরিকল্পিত অপপ্রচার ও মিথ্যা তথ্য সম্বলিত সংবাদ প্রচারে স্বামী আশরাফুল ইসলাম এক সংবাদ সম্মেলন করেছেন।

সোমবার (২৭ জুলাই) দুপুরে শহরের স্থানীয় সাপ্তাহিক অবিরাম পত্রিকা অফিসের হলরুমে এক লিখিত সংবাদ সম্মেলন করেন ওই নারীর স্বামী আশরাফুল ইসলাম।

সংবাদ সম্মেলনে আশরাফুল ইসলাম জানান, তিনি সেনাবাহিনীতে চাকরি করার সময়ে সঞ্চিত অর্থ দিয়ে সাঘাটা ঘুড়িদহ ইউনিয়নের ডাকবাংলা বাজারস্থ ঝাড়াবর্ষা মৌজায় জমি ক্রয় করেন। পরে তিনি স্ত্রী সানজিদা শেলী শাপলার যৌথ সিদ্ধান্তে ক্রয় করা আড়াই শতক জমির ওপর তিনতলা ভবন নির্মাণ করে বসবাস করতে থাকেন। কিন্তু টাকার প্রয়োজনে পার্শ্ববর্তী এলাকার অ্যাডভোকেট জিল্লুর রহমানের কাছে তিনতলা ভবনসহ গত ৮ এপ্রিল রেজিস্ট্রিকৃত দলিল মূলে জমি বিক্রি করেন। জমি রেজিস্ট্রির পর স্ত্রী শাপলা ও শ্বশুর শাহাদুজ্জামান সাজু এবং পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে ওই ভবনসহ জমির দখল অ্যাডভোকেট জিল্লুর রহমানের কাছে হস্তান্তর করেন। জমি বিক্রয়ের পর থেকে স্ত্রী শাপলা ক্রেতা জিল্লুর রহমানের বিরুদ্ধে নানা অপবাদ দিয়ে অপপ্রচার শুরু করেন। একপর্যায়ে সানজিদা শেলী শাপলা গত ৮ মে ওই ভবন ও জমির দেখভালের জন্য জিল্লুর রহমানের নিয়োগ করা কেয়ারটেকার আসাদুজ্জামানকে সন্ত্রাসী বাহিনী দিয়ে বাড়ি থেকে বের করে দেন।

এ ঘটনায় এ নিয়ে আসাদুজ্জামান গত ২০ মে সাঘাটা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। ম্যাজিস্ট্রেট আদালত থেকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করলে শাপলা স্বেচ্ছায় রাতেই বাড়ি ছেড়ে চলে যায়।

তিনি আরও জানান, তিনি নেশাগ্রস্তও না বা অনলাইনে জুয়াও খেলেন না। তার স্ত্রী শাপলা জমির ক্রেতা অ্যাড. জিল্লুর রহমানের রাজনৈতিক প্রতিপক্ষদের দ্বারা প্রভাবিত হয়ে সম্পূর্ণ উদ্দেশ্যে প্রণোদিতভাবে মিথ্যা তথ্য সম্বলিত সংবাদ প্রচার করছেন। তিনি এ বিষয়ে প্রশাসনসহ সংশ্লিষ্ট মহলের প্রতি পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন- লিয়াকত আলী, আসাদুজ্জামান পারভেজ, আশরাফুল প্রমুখ।

সংশ্লিষ্ট খবর

Back to top button