সুন্দর সমাজ গড়তে নতুন প্রজন্মের কাছে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: সুন্দর সমাজ গড়ে তুলতে নতুন প্রজন্মের কাছে সহযোগিতা চেয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ আর্মি স্টেডিয়াম নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে সহযোগিতা চান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের শিশু-কিশোররা নিজেরা তৈরি হলে, তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও চালিয়ে যেতে হবে।’
বাড়ি, স্কুল ও কলেজের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ক্ষুদে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সুন্দর সমাজ গড়ে তুলতে নতুন প্রজন্মকে সহযোগিতা করতে হবে।’
গাছ লাগাতে প্রতিটি শিক্ষার্থীর প্রতি আহ্বানও জানান তারেক রহমান। তিনি বলেন, ‘পড়াশোনা যারা করতে চাইবে, যারা গান গাইতে চাইবে, যারা খেলতে চাইবে তাদের সহযোগিতা করবে সরকার।’
প্রধানমন্ত্রী বলেন, ‘সবাই সহযোগিতা করলে সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। শুধু দেশের মাটিতেই নয় আন্তর্জাতিক অঙ্গনেও যেন দেশের কিশোর-কিশোরীরা ভালো করতে পারে, সেই প্রত্যাশা করি।’



