রাজনীতি

নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী

বাংলা টিভি ডেস্ক: পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা একটি মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। শুনানি শেষে আদালত প্রাঙ্গণ থেকে বেরিয়ে তিনি বলেন, “নির্দোষ হয়েও আমি অপরাধী।”

মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে তিনি হাজিরা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী আওলাদ হোসেন।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের হওয়া একটি হত্যা মামলায় নারায়ণগঞ্জের দেওভোগে নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে আরও ১২টি হত্যা ও হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে ৩৯১ দিন কারাভোগের পর গত ৩ জুন জামিনে মুক্তি পান তিনি। মুক্তির ৫৫ দিন পর আবারও আদালতে হাজিরা দিতে আসেন সাবেক এই সিটি মেয়র।

আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত বক্তব্যে আইভী বলেন, “আমি সবসময় নারায়ণগঞ্জে হত্যা, অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আর আজ আমিই অপরাধী। যাই হোক, এর বিচার আল্লাহ আছেন, আমার নারায়ণগঞ্জবাসী আছেন, তারা দেখবেন।”

পরে তিনি আদালত প্রাঙ্গণ ত্যাগ করে গাড়িযোগে নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন।

এদিকে, আইভীর আদালতে উপস্থিতিকে কেন্দ্র করে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে তার অনুসারী নেতাকর্মীদের ভিড় দেখা যায়। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আদালত এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button