রাজনীতি

হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

বাংলা টিভি ডেস্ক: হবিগঞ্জে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

বুধবার (২৯ জুলাই) জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পৌর এলাকার নির্ধারিত স্থানে চার বা তার বেশি মানুষের জমায়েত, মিছিল, সমাবেশ ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে।

হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, সাম্প্রতিক সংঘর্ষের ঘটনা এবং সম্ভাব্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিবেচনায় জননিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৪৪ ধারা কার্যকর করতে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে এনসিপি কর্মসূচি ঘোষণা করলে একই সময়ে বিএনপিও কর্মসূচি দেয়। দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে শহরে উত্তেজনা তৈরি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button