বাংলাদেশ

গোপন অঙ্গে লুকানো কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় যাত্রী আটক

বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ কৌশলে শরীরে লুকিয়ে আনা প্রায় এক কোটি টাকা মূল্যের স্বর্ণসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

শনিবার (১ আগস্ট) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট জি-৯-৫২৬ চট্টগ্রামে অবতরণ করার পর গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীর ওপর নজরদারি চালানো হয়। পরে তল্লাশিতে তার আন্ডারওয়্যারের ভেতরে ক্যাপসুলসদৃশ আকৃতিতে বিশেষভাবে লুকিয়ে রাখা স্বর্ণজাত পদার্থ উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দার প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ব্যক্তির নাম থামিম আনসারি। তিনি ভারতের নাগরিক। উদ্ধার হওয়া প্যাকেটটির ওজন প্যাকিংসহ ৪৫৫ গ্রাম। প্যাকেট অপসারণের পর প্রকৃত স্বর্ণের পরিমাণ নির্ধারণে পরীক্ষা-নিরীক্ষা চলছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া স্বর্ণের বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।

ঘটনায় কাস্টমস আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে আটক যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা।

উল্লেখ্য, এর একদিন আগে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক এক অভিযানে প্রায় ২ কোটি ৪ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট, স্বর্ণালঙ্কার, নিষিদ্ধ গৌরি ক্রিম ও বিদেশি মদ জব্দ করেছিল কাস্টমস গোয়েন্দা।

সংশ্লিষ্ট খবর

Back to top button