রাজনীতি

জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না: সাদিক কায়েম

বাংলা টিভি ডেস্ক: ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও মানুষের আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা দেশের জনগণ মেনে নেবে না। তিনি বলেন, জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।

শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) কুমিল্লা জেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘জাগ্রত’ শীর্ষক জুলাই সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সাদিক কায়েম বলেন, একটি মহল পরিকল্পিতভাবে জুলাই আন্দোলনের ইতিহাস, আত্মত্যাগ ও অর্জনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড থেকে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি জাতীয় স্বার্থ ও জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদান জাতি দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আন্দোলনের চেতনার ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ন্যাশনাল ডক্টরস ফোরামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. মাহমুদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ড. মোবারক হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল এবং সেন্ট্রাল মেডিকেল কলেজের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন আহম্মেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনডিএফ কুমিল্লা জেলা শাখার সভাপতি ডা. জহির উদ্দিন মোহাম্মদ বাবর। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ডা. জুয়েল রানা।

এ সময় এনডিএফের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ডা. জিয়া উদ্দিন, সেন্ট্রাল মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ফজলুল হক লিটন, ডা. মাহবুব আলমসহ চিকিৎসক ও জুলাই আন্দোলনের কয়েকজন যোদ্ধা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদ সাদমানের মা এবং শহীদ মাসুম মিয়ার বাবা তাদের অনুভূতি তুলে ধরেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button