রাজনীতি

‘লন্ডন আর শিলংয়ে তো ছিলাম না, গুপ্ত বলেন কেন’

বাংলা টিভি ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াতকে ‘গুপ্ত’ বলে আখ্যায়িত করার কোনো ভিত্তি নেই। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘আমরা আপনাদের মতো লন্ডন বা শিলংয়ে যাইনি, এই দেশেই ছিলাম। তাহলে কেন গুপ্ত বলছেন? আপনার চারপাশে যারা আছেন, তাদের ভুল তথ্যের কারণে বিভ্রান্ত হবেন না।’

শনিবার (১ আগস্ট) বিকেলে রাজধানীর মহাখালীর কলেরা হাসপাতালের সামনে ঢাকা মহানগর উত্তর জামায়াত আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে জুলাই গণঅভ্যুত্থানের গণরায়ের বাস্তবায়ন এবং ওই আন্দোলনে সংঘটিত গণহত্যার অভিযোগে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানানো হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই অভ্যুত্থানের অন্যতম সুবিধাভোগী হলেও বিএনপি এখন সেই আন্দোলনের ঘোষিত লক্ষ্য ও চেতনা থেকে সরে এসেছে। তার দাবি, নির্বাচনের আগে জুলাই সনদের ৮৪টি সংস্কার প্রস্তাবে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল সম্মতি জানিয়েছিল। তবে এখন তারা সেই অঙ্গীকার থেকে সরে এসেছে।

বিএনপির সমালোচনা করে তিনি আরও বলেন, আইন সংশোধনের মাধ্যমে ‘রিফর্ম আওয়ামী লীগ’ নামে ফ্যাসিবাদের পুনর্বাসনের চেষ্টা চলছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সরকার জুলাই আন্দোলনের চেতনা থেকে সরে গিয়ে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে দলীয় বিবেচনায় নিয়োগ দিচ্ছে।

জামায়াতকে নিয়ে বিভিন্ন সময়ে করা মন্তব্যের প্রসঙ্গ টেনে মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াত কখনোই গোপনে রাজনীতি করেনি। বিভিন্ন আন্দোলনে জামায়াত ও ছাত্রশিবিরের ভূমিকা নিয়ে যে আলোচনা রয়েছে, সে বিষয়ে জনগণই যথাযথ মূল্যায়ন করবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button