বাংলাদেশ

বসুন্ধরার ভবনে শুধু চীনা ভাড়াটিয়া, মাসে পাচার ২০০-২৫০ কোটি টাকা

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভিওআইপি, জিএসএম গেটওয়ে পরিচালনা এবং অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চার সদস্যের একটি চক্রকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঝর্না চাকমা জিয়ানা (২৭), লিউ হুই জাং (৪৬), ওয়ে ইউজি (৩০) এবং শে ই রান (৪২)।

ডিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (১ আগস্ট) রাতে সাইবার ক্রাইম বিভাগের একটি দল বসুন্ধরা আবাসিক এলাকার একটি ছয়তলা ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করে।

অভিযানে ১৪টি ল্যাপটপ, ১৬টি স্মার্টফোন, বিভিন্ন মোবাইল অপারেটরের ৬ হাজারের বেশি সক্রিয় সিমকার্ড, ২০টি জিএসএম গেটওয়ে ডিভাইস, ২৬ বোতল বিদেশি মদ এবং নগদ ২ লাখ ৯ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়েছে।

ডিবির ভাষ্য, ঝর্না চাকমা জিয়ানা পুরো ভবনটি ভাড়া নিয়ে এর চতুর্থ ও পঞ্চম তলা কয়েকজন চীনা নাগরিকের কাছে সাবলেট দেন। সেখানে অবস্থান করে তারা উন্নত প্রযুক্তির মাধ্যমে অবৈধ ভিওআইপি সেবা ও অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

তদন্তে আরও জানা যায়, চক্রটি চাকরি, বিশেষ অফার বা অতিরিক্ত আয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির মোবাইল ফোনে বার্তা পাঠাত। বার্তায় থাকা লিংকে প্রবেশ করলেই ভুক্তভোগীরা প্রতারণার ফাঁদে পড়তেন।

ডিবির দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি এড়াতে তারা বিশেষ প্রযুক্তি ব্যবহার করত। একটি মোবাইল ডিভাইসের সঙ্গে অতিরিক্ত সিম স্লট সংযুক্ত করে একই সময়ে একাধিক সিম পরিচালনার ব্যবস্থা থাকায় সংশ্লিষ্ট ডিভাইসের আইএমইআই নম্বর দ্রুত শনাক্ত করা কঠিন হয়ে পড়ত।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

সংশ্লিষ্ট খবর

Back to top button