নগ্ন ভিডিও ধারণ ও ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় যুবক গ্রেপ্তার

বাংলা টিভি ডেস্ক: রংপুর মহানগরীতে এক নারীর ব্যক্তিগত ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরিফুল ইসলাম (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় রোববার (২ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার (১ আগস্ট) রাতে অভিযান চালিয়ে নগরীর হারাগাছ মেট্রোপলিটন থানার চাঁদকুটি তেলিটারী এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, আরিফুল ইসলাম গত ১২ জুলাই তার এক প্রতিবেশী নারীকে ভয় দেখিয়ে একটি আপত্তিকর ভিডিও ধারণ করেন বলে অভিযোগ রয়েছে। পরে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই নারীর কাছে অর্থ দাবি করেন তিনি। সামাজিক ও পারিবারিক সম্মান রক্ষার কথা বিবেচনা করে ওই নারী অর্থ দিতে রাজি হলেও পরে আরিফুল ভিডিওটি ফেসবুকে প্রকাশ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর শনিবার ভুক্তভোগী নারী হারাগাছ থানায় আরিফুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
হারাগাছ থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, আরিফুলের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ব্যক্তিগত ভিডিও ব্যবহার করে ভয়ভীতি প্রদর্শন, অর্থ দাবি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।



