বাংলাদেশ

চিন্ময় দাসের দুই মামলায় জামিন, আপাতত মিলছে না মুক্তি

বাংলা টিভি ডেস্ক: সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুটি মামলায় জামিন পেয়েছেন। তবে তার বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারাগার থেকে মুক্তি মিলছে না বলে জানিয়েছেন তার আইনজীবী।

রোববার (২ আগস্ট) জামিন সংক্রান্ত রুলের ওপর শুনানি শেষে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালত রুল যথাযথ ঘোষণা করে দুই মামলায় জামিন মঞ্জুর করেন।

জানা গেছে, হত্যাচেষ্টা এবং ভাঙচুর, হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা পৃথক দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন প্রশ্নে গত বছরের ১ সেপ্টেম্বর হাইকোর্ট রুল জারি করেছিলেন। গত ২৬ জুলাই এ বিষয়ে শুনানি শেষে আদালত ২ আগস্ট রায়ের দিন নির্ধারণ করেন।

আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।

পরে আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য জানান, চিন্ময়ের বিরুদ্ধে মোট ছয়টি ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলার বিচার কার্যক্রম ট্রাইব্যুনালে চলছে। রাষ্ট্রদ্রোহের মামলায় তার জামিন স্থগিত রয়েছে। বাকি চার মামলার মধ্যে দুটি মামলায় হাইকোর্ট জামিন দিয়েছেন এবং অপর দুটি মামলার জামিন শুনানির জন্য আগামী ১৬ আগস্ট দিন ধার্য রয়েছে।

চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে একটি হলো জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা। ২০২৪ সালের ২৬ নভেম্বর তার জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন। এ ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।

এ ছাড়া হামলা, ভাঙচুর, সরকারি কাজে বাধা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের অভিযোগে আরও কয়েকটি মামলা দায়ের করা হয়।

রাষ্ট্রদ্রোহের মামলাটি ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের করেন বিএনপির তৎকালীন স্থানীয় নেতা ফিরোজ খান। পরে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। ওই মামলায় ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকায় গ্রেপ্তার হওয়ার পর থেকে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস।

সংশ্লিষ্ট খবর

Back to top button