পিকআপের ধাক্কায় প্রাণ গেল খতিব-মুয়াজ্জিনের

বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রামের মীরসরাইয়ে মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহত দুজন স্থানীয় একটি মসজিদের খতিব ও মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রোববার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জের চৌধুরীহাট এলাকায় পুরাতন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মঘাদিয়া ইউনিয়নের দরগাহপাড়া এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে জহির উদ্দিন (৫২) এবং ইছাখালী ইউনিয়নের চরশরৎ এলাকার আব্দুস সালামের ছেলে জয়নাল আবেদিন (৩৫)। তারা দুজনই মঘাদিয়া দরগাহপাড়া মসজিদের খতিব ও মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে বারইয়ারহাট থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন জহির উদ্দিন ও জয়নাল আবেদিন। পথে জোরারগঞ্জের চৌধুরীহাট এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি মাছবাহী পিকআপ তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর দুজনকেই মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক ডা. শাফায়াত হোসেন জানান, দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয় এবং বিষয়টি পুলিশ ও স্বজনদের জানানো হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, দুর্ঘটনার পর মাছবাহী পিকআপটি জব্দ করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



