প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ গেলেন স্বামী, ক্ষোভে বাড়ি গুড়িয়ে দিয়েছেন দ্বিতীয় স্ত্রী

বাংলা টিভি ডেস্ক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খেজুরতলা গ্রামের প্রবাসী রফিউদ্দিনকে ঘিরে পারিবারিক বিরোধের জেরে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন মালয়েশিয়ায় অবস্থান করার সময় তাদের দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। পরে দেশে ফিরে তিনি একই গ্রামের রিমা খাতুনকে দ্বিতীয়বার বিয়ে করেন।
প্রায় এক বছর দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সংসার করার পর রফিউদ্দিন আবার প্রথম স্ত্রী ছনিয়া খাতুনের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করেন। এরপর তাকে নিয়ে মালয়েশিয়ায় চলে যান বলে স্থানীয় সূত্রের দাবি।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে দ্বিতীয় স্ত্রী রিমা খাতুনের স্বজনরা রোববার (২ আগস্ট) সকাল ১০টার দিকে বুলডোজার দিয়ে রফিউদ্দিনের বাড়ি ভেঙে ফেলেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের ভাষ্য, প্রথম স্ত্রীকে নিয়ে আগেও একটি পারিবারিক বিরোধের ঘটনা ঘটেছিল, যা পরে থানায় সালিশের মাধ্যমে নিষ্পত্তি হয়। এরপরই রফিউদ্দিন দ্বিতীয় বিয়ে করেন। তবে পরে আবার প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশে চলে যাওয়ায় নতুন করে বিরোধের সৃষ্টি হয়।
নাগদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন মেম্বার বলেন, রিমা খাতুন একজন ভদ্র ও অমায়িক মেয়ে। তার সঙ্গে যা হয়েছে তা অনাকাঙ্ক্ষিত। তবে ক্ষোভ প্রকাশের জন্য বাড়িঘর ভাঙচুর না করে আইনের আশ্রয় নেওয়াই সমীচীন ছিল।
আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাঈল জানান, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



