বাংলাদেশ

প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, সিল-স্ট্যাম্পসহ গ্রেপ্তার ১

বাংলা টিভি ডেস্ক: মোংলা-রামপাল (বাগেরহাট-৩) আসনের সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের নাম ব্যবহার করে কথিত তদবির বাণিজ্যের অভিযোগে টুকু শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মোংলা থানা পুলিশ।

পুলিশ জানায়, একটি সংঘবদ্ধ চক্র প্রতিমন্ত্রীর নাম ও পদবি অপব্যবহার করে বিভিন্ন ধরনের অবৈধ তদবিরের মাধ্যমে প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ এবং আধুনিক প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে মোংলা উপজেলার হলদিবুনিয়া গ্রামের মৃত নুরুল ইসলাম শেখের ছেলে টুকু শেখকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম ও পদবি ব্যবহার করা একটি ভুয়া সিল ও স্ট্যাম্প জব্দ করা হয়েছে বলে পুলিশের দাবি।

মোংলা থানার ওসি আতিকুর রহমান জানান, এ ঘটনায় গ্রেপ্তার হওয়া টুকু শেখসহ সরাসরি জড়িত অভিযোগে আরও দুই পলাতক আসামির বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রতারণার সঙ্গে জড়িত চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button