আমদানির খবরে একদিনে প্রায় ১০০ টাকা কমলো কাঁচা মরিচের দাম

বাংলা টিভি ডেস্ক: কাঁচা মরিচের ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দিয়েছে সরকার। সোমবার (৩ আগস্ট) থেকে আমদানি কার্যক্রম শুরু হওয়ার ঘোষণার পর রাজধানীর বাজারগুলোতে একদিনের ব্যবধানে প্রতি কেজিতে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত দাম কমেছে।
রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে কাঁচা মরিচের দাম প্রতি কেজি ২৮০ থেকে ৩২০ টাকার মধ্যে রয়েছে। আগের দিন একই পণ্য ৩৫০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।
মগদা ও মানিকনগর বাজারে হাইব্রিড কাঁচা মরিচ ২৮০ থেকে ৩০০ টাকা এবং গাঢ় সবুজ জাতের দেশি মরিচ ৩০০ থেকে ৩২০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।
খুচরা ব্যবসায়ীদের ভাষ্য, টানা বৃষ্টিতে অনেক এলাকার মরিচখেত ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে সরবরাহ কমে যায়। এর ফলে কয়েক দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম প্রায় তিনগুণ পর্যন্ত বেড়ে যায়। তবে বর্তমানে সরবরাহ কিছুটা বাড়তে শুরু করায় দামও কমছে।
মানিকনগর পুকুরপাড় বাজারের সবজি বিক্রেতা আকবর আলী বলেন, বৃষ্টিতে উৎপাদন কমে যাওয়ায় পাইকারি বাজারে মরিচের সংকট তৈরি হয়েছিল। এখন বাজারে সরবরাহ বাড়ায় দামও কিছুটা কমেছে।
অন্যদিকে, বাজারে কাঁচা মরিচ কিনতে আসা ক্রেতা রোকন উদ্দিন দাম বৃদ্ধিকে অস্বাভাবিক উল্লেখ করে বাজারে সিন্ডিকেটের প্রভাব থাকতে পারে বলে অভিযোগ করেন। তবে এ অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
এর আগে রোববার রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, কাঁচা মরিচের বাজার স্থিতিশীল রাখতে সরকার আমদানির অনুমতি দিয়েছে এবং আমদানির ওপর বিদ্যমান করও কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তার আশা, আমদানি শুরু হলে আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যে কাঁচা মরিচের দাম আরও সহনীয় পর্যায়ে নেমে আসবে।



