বাংলাদেশ

রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫ পরিবার পেল ১ কোটি ৩ লাখ টাকা

বাংলা টিভি ডেস্ক: রংপুরে বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২৫টি পরিবারের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের অনুমোদিত ১ কোটি ৩ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এসব সহায়তার চেক তুলে দেওয়া হয়। বিআরটিএ রংপুর সার্কেলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, জেলার বিভিন্ন স্থানে সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের জন্য মোট ১ কোটি ৩ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খ্রিস্টোফার রিসেল হিমেল, বিআরটিএ রংপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) শফিকুল আলম সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও পরিবহন মালিক সমিতির নেতারা।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক আইন মেনে চলা, নিরাপদভাবে যানবাহন পরিচালনা এবং সড়ক নিরাপত্তা বিষয়ে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পাশাপাশি গণমাধ্যমকর্মী, পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button