‘মাদক ছাড়ো, না হয় এলাকা ছাড়ো’— হবিগঞ্জে ব্যতিক্রমী সামাজিক উদ্যোগ

বাংলা টিভি ডেস্ক: ‘মাদক ছাড়ো, না হয় শিবপাশা ছাড়ো’—এই স্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশায় মাদকবিরোধী সচেতনতা ও আত্মসমর্পণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় শিবপাশা নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শিবপাশা মহল্লা কমিটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শিবপাশার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ৮৪ জন ব্যক্তি মাদক থেকে বিরত থাকার অঙ্গীকার করে প্রতীকীভাবে আত্মসমর্পণ করেন। আয়োজকদের ভাষ্য, এর মাধ্যমে তাদের স্বাভাবিক ও কর্মমুখী জীবনে ফিরে আসতে উৎসাহিত করা হচ্ছে।
এ সময় মাদক ও চুরির বিরুদ্ধে সামাজিকভাবে কঠোর অবস্থানের কথাও জানানো হয়। মহল্লা কমিটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রমাণিত হলে ১০ হাজার টাকা এবং চুরির ঘটনায় ধরা পড়লে ৫০ হাজার টাকা জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ ধরনের জরিমানা কার্যকর করার আইনগত এখতিয়ার সংশ্লিষ্ট রাষ্ট্রীয় কর্তৃপক্ষের বিষয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপাশা মহল্লা কমিটির সভাপতি ডা. সাদেকুল আমীন চৌধুরী। তিনি বলেন, মাদক একটি ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যারা আত্মসমর্পণ করেছেন, তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে সমাজের সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, মাদকবিরোধী এই কার্যক্রম একটি চলমান সামাজিক উদ্যোগ। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে মাদকের কারণে এলাকায় সামাজিক অবক্ষয় ও বিভিন্ন অপরাধ বৃদ্ধি পাচ্ছিল। তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে আত্মসমর্পণকারীরা সমাজের মূল ধারায় ফিরে আসবেন এবং ভবিষ্যতে আরও অনেকে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে উৎসাহিত হবেন।



