বিনোদন

পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

বাংলা টিভি ডেস্ক: পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে স্থানীয়ভাবে আটকের একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এ-সংক্রান্ত একটি ভিডিওও অনলাইনে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রের দাবি, সোমবার (৩ আগস্ট) রাতে নেত্রকোণা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নে রিপন মিয়াকে স্থানীয় কয়েকজন আটক করেন। পরে তাকে উপজেলার ৮ নম্বর দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয়ে নিয়ে একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের ভিডিওই বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হচ্ছে।

ভিডিওটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, বিবাহিত রিপন মিয়ার বিরুদ্ধে পাশের গ্রামের এক তরুণীর সঙ্গে সম্পর্কের অভিযোগ ওঠে। এ অভিযোগের পর স্থানীয় সালিশে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয় এবং গ্রাম ছাড়ারও দাবি জানানো হয়।

তবে এসব অভিযোগের বিষয়ে প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পাশাপাশি ভিডিওতে উত্থাপিত দাবিগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, রিপন মিয়া ২০১৬ সালে ফেসবুকে কনটেন্ট নির্মাণ শুরু করেন। তার সহজ-সরল উপস্থাপনা ও ঘরোয়া ভিডিও দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পায়। বিশেষ করে ‘হাই, আই অ্যাম রিপন ভিডিও’ এবং ‘আই লাভ ইউ, এটাই বাস্তব’—এই দুটি সংলাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। বর্তমানে তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button