রাজনীতি

জনগণের অধিকার আদায়ে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: জামায়াত আমির

বাংলা টিভি ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের ‘ভূতুড়ে’ বিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর মুক্তাঙ্গণে ১১ দলীয় জোটের অবস্থান কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।

ডা. শফিকুর রহমান বলেন, ঘোষিত লংমার্চে কোনো ধরনের বাধা দেওয়া হলে আরও বৃহত্তর শক্তি নিয়ে কর্মসূচি সফল করা হবে। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জানান তিনি।

এ সময় ১১ দলীয় জোটের পক্ষ থেকে আরও তিনটি লংমার্চ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর, ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেট অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হবে।

কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। তিনি বলেন, গ্যাস, বিদ্যুৎ ও অন্যান্য মৌলিক সেবা নিশ্চিত করতে ব্যর্থ হয়ে সরকারের ক্ষমতায় থাকার নৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়েছে।

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তাঁর দাবি, সংগঠনটি আবারও ছাত্রলীগের মতো হল দখলের অপচেষ্টা চালাচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button