বাংলাদেশ

তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানি মন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: যান্ত্রিক ত্রুটি মেরামতের পর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে বৃহস্পতিবার বিকেল থেকেই গ্যাস সরবরাহ পুনরায় শুরু হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি আশা প্রকাশ করেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে গ্যাস সরবরাহের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, এফএসআরইউ থেকে গ্যাস সঞ্চালন শুরু হলে ধীরে ধীরে পাইপলাইনের চাপ বাড়বে। এতে বর্তমানে যে সংকট তৈরি হয়েছে, তা কাটিয়ে ওঠা সম্ভব হবে।

গ্যাস পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্তত দুই থেকে তিন দিন সময় লাগবে। এরপর এফএসআরইউ বন্ধ হওয়ার আগের মতোই সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হয়ে যাবে।

গ্যাস সংকটের কারণে দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং বেড়ে যাওয়ার বিষয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, গ্যাসের ঘাটতির প্রভাব শুধু গ্রাহকদের নয়, বিদ্যুৎকেন্দ্রগুলোর ওপরও পড়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে বন্ধ থাকা বিদ্যুৎকেন্দ্রগুলো আবার চালু করা হবে।

বিদ্যুৎ ও গ্যাস নিয়ে সমালোচনার বিষয়ে ইকবাল হাসান মাহমুদ বলেন, সাম্প্রতিক পরিস্থিতি কারও নিয়ন্ত্রণে ছিল না।

ভূতুড়ে বিদ্যুৎ বিলের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, অভিযোগ উঠলেও অনেকেই যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট বিল জমা দেন না। পাশাপাশি তিনি উল্লেখ করেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং গ্রাহকের প্রকৃত বিদ্যুৎ ব্যবহারের বিষয়টিও বিবেচনায় নেওয়া উচিত।

ভারতের হাইকমিশনারের সঙ্গে সাম্প্রতিক বৈঠক প্রসঙ্গে মন্ত্রী বলেন, এটি ছিল একটি নিয়মিত বৈঠক। দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে সেখানে আলোচনা হয়েছে। এছাড়া বিদ্যমান পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল সরবরাহের অনুরোধও জানানো হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী এ বিষয়ে মন্তব্য করতে অনাগ্রহ প্রকাশ করেন। তবে তিনি শেখ হাসিনার সমালোচনা করে বলেন, তাঁর শাসনামলে দেশের ক্ষতি হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button