জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

বাংলা টিভি ডেস্ক: জামালপুরের ইসলামপুর উপজেলার এক প্রবীণ ব্যক্তি জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। উপজেলার পলবান্ধা ইউনিয়নের পূর্ব বাহাদুরপুর গ্রামের বাসিন্দা আব্দুস সামাদ (৭০) বুধবার (৫ আগস্ট) নিজ বাড়িতে এ ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রায় দুই হাজারের বেশি মানুষ অংশ নিয়ে খাবার গ্রহণ করেন। স্থানীয়দের কাছে ঘটনাটি ছিল বেশ বিস্ময়কর এবং ব্যতিক্রমধর্মী।
স্থানীয় বাসিন্দা দানেছ আলী জানান, আব্দুস সামাদের তিন মেয়ে ও চার ছেলে রয়েছে। মেয়েদের বিয়ে দিয়েছেন, আর ছেলেদের কেউ আলাদা সংসার করছেন, কেউ আবার পড়াশোনা করছেন। বয়স ও শারীরিক দুর্বলতার কারণে তিনি নিজের সম্পত্তি আগেই সন্তানদের মধ্যে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেন। একই সঙ্গে মৃত্যুর পর তার চল্লিশার আয়োজন হবে কি না—এমন দুশ্চিন্তা থেকেই পরিবারের সঙ্গে আলোচনা করে জীবিত থাকতেই নিজেই সেই আয়োজন করেন।
অনুষ্ঠানে অংশ নেওয়া লালচাঁন মিয়া বলেন, জীবিত একজন মানুষের নিজের চল্লিশার আয়োজন সত্যিই বিরল ঘটনা। কৌতূহল নিয়েই অনেকে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন এবং খাবার গ্রহণ করেছেন।
আব্দুস সামাদের ছেলে সামিউল জানান, বাবার ইচ্ছাকে সম্মান জানিয়ে পরিবারের সবাই এ আয়োজনের সঙ্গে একমত হয়েছেন। একই কথা জানান তার মেয়ে সাজেদাও। তিনি বলেন, বাবার মনের সংশয় দূর করতেই পরিবারের সদস্যরা এ সিদ্ধান্তে সমর্থন দিয়েছেন।
আব্দুস সামাদ বলেন, বয়সের ভারে তিনি এখন শারীরিকভাবে দুর্বল এবং অধিকাংশ সময় ইবাদত-বন্দেগিতেই কাটান। তাই পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ করেই এ ব্যতিক্রমী আয়োজন করেছেন। তিনি জানান, অনুষ্ঠানের জন্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা দিয়ে দুটি গরু এবং প্রায় ২০ হাজার টাকা দিয়ে একটি খাসি কেনা হয়েছিল।



