চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

বাংলা টিভি ডেস্ক: চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সিলেটের পারাইরচকে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকারের পাঁচটি স্তরের নির্বাচন চলতি অর্থবছরের মধ্যেই সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। এ লক্ষ্যে আগস্টের পর স্থানীয় সরকার বিভাগ, অর্থ বিভাগ এবং নির্বাচন কমিশন যৌথভাবে বৈঠক করবে। ওই বৈঠকে কোন স্তরের নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সিলেটের পরিচ্ছন্নতা কার্যক্রমের প্রশংসা করে মীর শাহে আলম বলেন, খাল খনন এবং ডেঙ্গু প্রতিরোধে সিলেট সিটি করপোরেশন কার্যকর উদ্যোগ নিয়েছে এবং এ ক্ষেত্রে ভালো কাজ করছে।
তিনি আরও জানান, সিলেট সিটি করপোরেশন ও লাফার্জহোলসিমের যৌথ উদ্যোগে ২০২৪ সালে শুরু হওয়া বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পটি এতদিন পুরোপুরি চালু হয়নি। এখন প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু করবে। পরিকল্পনা অনুযায়ী, নগরের বর্জ্য প্রক্রিয়াজাত করার পর প্লাস্টিকজাত অংশ লাফার্জহোলসিম জ্বালানি হিসেবে ব্যবহার করবে এবং অবশিষ্ট অংশ থেকে জৈব সার উৎপাদন করা হবে।
পরিদর্শনকালে সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার এবং প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন প্রতিমন্ত্রীর কাছে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম, এসটিএস এবং বায়োড্রায়িং প্ল্যান্টের বিভিন্ন দিক তুলে ধরেন।



