বাংলাদেশ

‘বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে’

বাংলা টিভি ডেস্ক: ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও দ্বিপাক্ষিক স্বার্থের ভিত্তিতে সুসম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তবে দুই দেশের সম্পর্ক কীভাবে এগোবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ভারতেরই নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী অভিযোগ করেন, ভারতে অবস্থান করে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা আবারও জঙ্গিবাদ-সংক্রান্ত পুরোনো বয়ান প্রতিষ্ঠার চেষ্টা করছেন। তবে তার দাবি, বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে এবং এ ধরনের প্রচেষ্টা সফল হবে না।

তিনি আরও বলেন, ভারতে অবস্থানরত বাংলাদেশের সাজাপ্রাপ্ত নেতাদের উসকানিমূলক রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দায়িত্ব ভারত সরকারের। এ বিষয়ে বাংলাদেশ নিজের অবস্থান স্পষ্ট করেছে বলেও উল্লেখ করেন তিনি।

শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ সবসময়ই ভারতের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক প্রত্যাশা করে। তবে সেই সম্পর্ক অবশ্যই সমতা, পারস্পরিক সম্মান এবং উভয় দেশের জাতীয় স্বার্থের ভিত্তিতে গড়ে উঠতে হবে।

এক প্রশ্নের জবাবে তিনি ইংরেজিতে বলেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ এবং বাংলাদেশের বিষয়ে তাদের পররাষ্ট্রনীতি কী হবে, তা নির্ধারণ করার দায়িত্ব ভারতেরই। তবে বাংলাদেশের প্রত্যাশা, দুই দেশের জনগণের স্বার্থে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে এবং তা হবে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে।

এদিকে আসন্ন ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সংশ্লিষ্ট খবর

Back to top button