‘ড. ইউনূসের চেয়ে ‘হাজারগুণ ভালো’ দেশ চালাচ্ছেন তারেক রহমান’

বাংলা টিভি ডেস্ক: জাতীয় সংকটের পাশাপাশি আন্তর্জাতিক পরিস্থিতিও দেশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তবে তার দাবি, এসব প্রতিকূলতার মধ্যেও ড. ইউনূসের তুলনায় তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনা অনেক বেশি কার্যকর হচ্ছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া বাগে জান্নাত কবরস্থানে দলের জেলা সভাপতি আমিনুল ইসলাম তারেকের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, দেশের অভ্যন্তরীণ নানা সংকটের পাশাপাশি আন্তর্জাতিক পরিস্থিতিও জটিল। এরপরও বর্তমান নেতৃত্ব দেশের পরিস্থিতি তুলনামূলকভাবে ভালোভাবে সামাল দিচ্ছে বলে তিনি মনে করেন। তবে তিনি বলেন, মানুষের নিরাপত্তা আরও জোরদার করা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আরও কমানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
সরকারের প্রতি নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, এই মুহূর্তে সরাসরি বিরোধিতার প্রয়োজন দেখছেন না। বরং পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়াই যুক্তিযুক্ত বলে তার মত।
এ সময় শেখ হাসিনার সাম্প্রতিক বিভিন্ন কর্মসূচির সমালোচনাও করেন কাদের সিদ্দিকী। তার দাবি, এসব কর্মসূচির ঘোষণার পর অনেক নিরীহ নেতাকর্মী গ্রেপ্তার হয়ে কারাগারে যাচ্ছেন, যা উদ্বেগের বিষয়।
পরে তিনি প্রয়াত নেতা আমিনুল ইসলাম তারেকের কবর জিয়ারত করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



