রাজনীতি

প্রতিবন্ধী কর্মীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, দল থেকে বহিষ্কার জামায়াত নেতা

বাংলা টিভি ডেস্ক: প্রতিবন্ধী এক জামায়াত কর্মীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন জামায়াতের আমির নুরুল ইসলাম সজলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলা জামায়াতের জরুরি সাংগঠনিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃত নুরুল ইসলাম সজল উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের দাবি, গত মঙ্গলবার গভীর রাতে গজারিয়া পাড় এলাকায় এক প্রতিবন্ধী জামায়াত কর্মীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় নুরুল ইসলাম সজলকে আটক করেন গ্রামবাসী। পরে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমানের মধ্যস্থতায় বিষয়টি প্রাথমিকভাবে মীমাংসার চেষ্টা করা হয় এবং অভিযুক্তকে তার বড় ভাই কাজল মিয়ার জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

পরবর্তীতে অভিযোগটি উপজেলা ও স্থানীয় জামায়াত নেতারা পর্যালোচনা করেন। অভিযোগের সত্যতা পাওয়ার পর দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক ভাবমূর্তি রক্ষার স্বার্থে তাকে ইউনিয়ন সভাপতির পদসহ দলীয় সব দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

চুনারুঘাট উপজেলা জামায়াতের আমির মো. ইদ্রিস আলী বলেন, নুরুল ইসলাম সজলের বিরুদ্ধে ওঠা অভিযোগ যাচাই করে সত্যতা পাওয়ার পর সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে গাজীপুর ইউনিয়ন জামায়াতের কার্যক্রম সচল রাখতে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মাওলানা মো. আব্দুল মতিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে নুরুল ইসলাম সজলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি প্রথমে কল কেটে দেন। পরে আবার যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

সংশ্লিষ্ট খবর

Back to top button