বাংলাদেশ

‘কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার, কমবে মাদক মামলার জট’

বাংলা টিভি ডেস্ক: কক্সবাজারে নির্মাণাধীন আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার চালু হলে মাদক মামলার দীর্ঘসূত্রতা কমবে এবং উদ্ধার হওয়া মাদকের নমুনা পরীক্ষার প্রতিবেদন দ্রুত পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (৭ আগস্ট) সকালে নির্মাণাধীন পরীক্ষাগারটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে উদ্ধার করা মাদকের নমুনা পরীক্ষার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। নতুন পরীক্ষাগারটি চালু হলে এ সমস্যা অনেকটাই দূর হবে। এতে মাদক মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম আরও দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব হবে।

তিনি আরও বলেন, কক্সবাজারকে ঘিরে সরকারের পরিকল্পনা শুধু অবকাঠামো উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ নয়। এ অঞ্চলের প্রাকৃতিক ও অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সরকার কাজ করছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, সমুদ্রসম্পদ ও গভীর সমুদ্রবন্দরের সম্ভাবনা কাজে লাগানো গেলে দেশের অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখা সম্ভব। এ জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

পরিদর্শনের সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষার বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। উন্নয়ন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে পরিবেশ সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সংশ্লিষ্ট খবর

Back to top button