জুলাই দিবসে ‘বার্তা’ পাঠানো নিয়ে যা বললেন নাহিদ ইসলাম

বাংলা টিভি ডেস্ক: জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া সাধারণ মানুষের অবদানের কথা স্মরণ করে কৃতজ্ঞতা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জুলাইয়ের আন্দোলনে এমন অনেক মানুষ অংশ নিয়েছিলেন, যারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না, এমনকি আগে কখনো রাজনীতি করার কথাও ভাবেননি।
নাহিদ ইসলাম তার পোস্টে উল্লেখ করেন, প্লেস্টেশন, ক্রিপ্টোকারেন্সি বা নিজস্ব জীবনযাপন নিয়েই ব্যস্ত থাকা অনেক তরুণ-তরুণী, যারা সরকারি চাকরি বা রাজনীতির সঙ্গে নিজেদের যুক্ত ভাবতেন না, তারাও জুলাইয়ে রাজপথে নেমেছিলেন। বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী শহীদ আহনাফের মতো অনেক তরুণের আত্মত্যাগের কথাও স্মরণ করেন তিনি।
তিনি বলেন, জুলাইয়ের সময় অনেক অচেনা মানুষ তার জন্য দোয়া করেছেন, মুক্তির দাবিতে কথা বলেছেন, গান গেয়েছেন, ছবি এঁকেছেন। এছাড়া রাস্তায় পানি দেওয়া ক্ষুদ্র ব্যবসায়ী, আহতদের হাসপাতালে নেওয়া রিকশা-ভ্যান চালক এবং চিকিৎসা দেওয়া চিকিৎসকদের মতো অসংখ্য মানুষের অবদান রয়েছে।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, আন্দোলনের পর জুলাইয়ের কৃতিত্ব রাজনৈতিক দলগুলোর মধ্যে ভাগাভাগির বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিএনপি, এনসিপি, জামায়াতসহ বিভিন্ন দলের অংশ নিয়ে আলোচনা হলেও সাধারণ মানুষের অবদান যথাযথভাবে সামনে আসছে না বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, জুলাই কোনো একক রাজনৈতিক দলের আন্দোলন ছিল না; এটি ছিল সর্বস্তরের মানুষের অংশগ্রহণে গড়ে ওঠা একটি গণআন্দোলন। যারা রাজনীতি থেকে দূরে ছিলেন বা ‘আই হেট পলিটিক্স’ বলতেন, তারাও এ আন্দোলনের অংশ ছিলেন।
পোস্টে তিনি জানান, জুলাইয়ের পর অনেক মানুষ কোনো স্বীকৃতি বা প্রত্যাশা ছাড়াই নিজেদের ঘরে ফিরে গেছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতেই গত কয়েকদিন ধরে তিনি ব্যক্তিগতভাবে অনেককে বার্তা পাঠানোর চেষ্টা করেছেন।
নাহিদ ইসলাম বলেন, সবাইকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করা সম্ভব না হলেও তিনি কাউকে ভুলে যাননি। জুলাইয়ের আকাঙ্ক্ষার বাংলাদেশ গঠনে সবাইকে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জুলাইয়ের পর অনেক প্রত্যাশা এখনো পূরণ হয়নি। বিভিন্ন সীমাবদ্ধতা ও বাধা থাকলেও নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।



