বাংলাদেশ

ছুটির দিনেও জুলাই জাদুঘরে ঘুরতে এসে ভোগান্তিতে দর্শনার্থীরা

বাংলা টিভি ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধনের পর প্রথম ছুটির দিনেই দর্শনার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। তবে আগ্রহের পাশাপাশি জাদুঘর পরিদর্শনে এসে নানা ধরনের ভোগান্তির মুখেও পড়েছেন অনেকে। খোলার সময়সূচি নিয়ে বিভ্রান্তি, অনলাইনে টিকিট বুকিংয়ের জটিলতা, রিফান্ড সুবিধার অভাব এবং দীর্ঘ সময় অপেক্ষা করতে হওয়ায় দর্শনার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

শুক্রবার সকাল থেকেই জাদুঘরের সামনে দীর্ঘ সারি তৈরি হয়। অনেকেই আগের দিনের সময়সূচি অনুসরণ করে সকাল ১১টার মধ্যে পৌঁছালেও পরে জানতে পারেন, সেদিন দর্শনার্থীদের জন্য প্রবেশ শুরু হবে বিকেল ৩টা থেকে। ফলে কয়েক ঘণ্টা ধরে জাদুঘরের বাইরে অপেক্ষা করতে হয় তাদের।

এদিকে অনলাইনে টিকিট কাটতে গিয়ে অনেক দর্শনার্থী ভুল তারিখ নির্বাচন করায় নতুন করে সমস্যায় পড়েন। টিকিট বাতিল বা অর্থ ফেরতের সুযোগ না থাকায় তারা ক্ষোভ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের সুবিধা চালুর দাবি জানান।

অপেক্ষার সময় বাড়তে থাকায় একপর্যায়ে কিছু দর্শনার্থী স্লোগানও দেন। তাদের অভিযোগ, সময়সূচির পরিবর্তন এবং টিকিট সংক্রান্ত তথ্য আরও স্পষ্টভাবে জানানো হলে এ ভোগান্তি এড়ানো সম্ভব হতো।

জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনের ধারণক্ষমতা সীমিত হওয়ায় স্লটভিত্তিক প্রবেশব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। প্রথম সপ্তাহে দর্শনার্থীদের অতিরিক্ত আগ্রহের কারণে কিছুটা বিশৃঙ্খলা তৈরি হলেও ধীরে ধীরে পুরো প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল ও সহজ করা হবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button