বাংলাদেশ

প্রেমিকের বাড়িতে অনশনে স্ত্রী, দুধ দিয়ে গোসল করে সম্পর্কের ইতি টানলেন স্বামী

বাংলা টিভি ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিয়ের দাবিতে এক নারীর টানা তিন দিনের অনশনকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার উত্তর কলাউড়া গ্রামের মাহমুদা আক্তার নামে তিন সন্তানের এক জননী একই গ্রামের ফয়েজ মিয়ার (ওরফে খয়েজ) বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন বলে জানা গেছে।

মাহমুদা আক্তার উপজেলার রাঙাউটি গ্রামের সোহেল মিয়ার স্ত্রী। স্ত্রীর এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে শনিবার (৮ আগস্ট) দুপুরে দুধ দিয়ে গোসল করে বৈবাহিক সম্পর্কের ইতি টানার ঘোষণা দেন সোহেল মিয়া। বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহমুদা আক্তারের সঙ্গে ফয়েজ মিয়ার দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ ওঠে। এ বিষয়কে কেন্দ্র করে সোহেল ও মাহমুদার দাম্পত্য জীবনে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি বিষয়টি এলাকায় জানাজানি হলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।

এরই মধ্যে ফয়েজ মিয়ার বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন মাহমুদা। স্ত্রীর এমন সিদ্ধান্তে মানসিকভাবে ভেঙে পড়েন সোহেল মিয়া। পরে শনিবার দুপুরে দুধ দিয়ে গোসল করে স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন তিনি।

এদিকে অনশনরত মাহমুদা আক্তার সাংবাদিকদের কাছে ফয়েজ মিয়ার সঙ্গে তার প্রেমের সম্পর্কের কথা স্বীকার করেছেন। তবে ঘটনার পর থেকে ফয়েজ মিয়া মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

স্থানীয়ভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং ঘটনার একটি সমাধান বের করতে এলাকার মাতব্বররা বিষয়টি নিয়ে আলোচনা করছেন বলে জানা গেছে।

এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দোয়ারাবাজারজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে স্ত্রীর এমন কর্মকাণ্ডের পর সোহেল মিয়ার দুধ দিয়ে গোসল করে সম্পর্ক ছিন্ন করার ঘটনাটি নতুন করে মানুষের নজর কেড়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button