বাংলাদেশ

আলমারিতে জমানো ২ লাখ টাকা খেলো ইঁদুর-উইপোকা, নিঃস্ব কৃষক

বাংলা টিভি ডেস্ক: সন্তানদের ভবিষ্যৎ আর সংসারের প্রয়োজন মেটানোর আশায় দিনের পর দিন পরিশ্রম করে টাকা জমিয়েছিলেন সুন্দরগঞ্জের কৃষক তোফাজ্জল হোসেন ভাটিয়া। রোদ-বৃষ্টি উপেক্ষা করে জমিতে কাজ করে অল্প অল্প করে গড়ে তুলেছিলেন প্রায় দুই লাখ টাকার সঞ্চয়।

কিন্তু সেই সঞ্চয়ই শেষ পর্যন্ত রক্ষা করতে পারলেন না তিনি। ঘরের কাঠের আলমারিতে রাখা পুরো টাকাই নষ্ট হয়ে গেছে ইঁদুর ও উইপোকার আক্রমণে।

ঘটনাটি ঘটেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারি গ্রামে। গত শুক্রবার (৭ আগস্ট) বিকেলে আলমারি খুলে টাকা বের করতে গিয়ে ভয়াবহ দৃশ্য দেখতে পান তোফাজ্জল হোসেন। ৫০০ ও ১০০০ টাকার নোটগুলো ছেঁড়া-ফাঁড়া হয়ে কুটি কুটি অবস্থায় পড়ে ছিল। বেশিরভাগ নোটই আর ব্যবহারের উপযোগী নেই।

স্থানীয় ইউপি সদস্য মো. ছোবেদ আলী জানান, ছেলে-মেয়ের বিয়ে এবং সংসারের গুরুত্বপূর্ণ প্রয়োজনে খরচ করার জন্য দীর্ঘদিন ধরে টাকা জমাচ্ছিলেন তোফাজ্জল। ব্যাংকে না রেখে ঘরের আলমারিতেই নগদ টাকা রেখেছিলেন তিনি।

টাকা নষ্ট হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর শনিবার বিকেলে তার বাড়িতে ভিড় করেন স্থানীয়রা। সবার চোখের সামনে তখন একজন কৃষকের বহু বছরের পরিশ্রমের সঞ্চয় ছিন্নভিন্ন হয়ে পড়ে থাকতে দেখা যায়।

কান্নাজড়িত কণ্ঠে তোফাজ্জাল হোসেন বলেন, “সারাজীবন রোদে পুড়ে মাঠে কাজ করছি। একটা টাকাও অযথা খরচ করিনি। ভাবছিলাম মেয়েটার বিয়ে দিব। এখন আমার মাথায় আকাশ ভেঙে পড়েছে।”

স্থানীয়দের ভাষ্য, ব্যাংকে টাকা রাখার অভ্যাস না থাকায় গ্রামের অনেক মানুষই ঘরে নগদ অর্থ জমিয়ে রাখেন। বর্ষাকালে আর্দ্রতা বেড়ে যাওয়ার পাশাপাশি ইঁদুর ও উইপোকার উপদ্রবও বাড়ে। ফলে অসাবধানতায় অনেক সময় বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হয়।

এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হবে এবং উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলে সহযোগিতার কোনো সুযোগ আছে কি না, তা দেখা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button