রাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচন: ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ

বাংলা টিভি ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম চূড়ান্ত করা হয়েছে। রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জোটের শীর্ষ নেতাদের জরুরি বৈঠক শেষে তার প্রার্থিতা ঘোষণা করা হয়।

বৈঠক শেষে জোটের অন্যতম শরিক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অলি আহমদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। তিনি বলেন, ১১ দলীয় জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতেই অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে।

ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও ১১ দলীয় জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ উপস্থিত ছিলেন। বৈঠকে আরও অংশ নেন এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, জাগপার সভাপতি রাশেদ প্রধান, খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, নাসিরুদ্দিন পাটোয়ারীসহ জোটের অন্যান্য নেতারা।

এর আগে শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দলীয়ভাবে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে জোটের শরিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে অলি আহমদকে ১১ দলীয় জোটের একক প্রার্থী হিসেবে মনোনীত করা হয়।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে ক্ষমতাসীন দল বিএনপি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছে।

১১ দলীয় জোটের পক্ষ থেকে অলি আহমদের নাম ঘোষণার ফলে রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। জাতীয় সংসদের বর্তমান কাঠামো অনুযায়ী সংসদ সদস্যদের ভোটেই দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button