গ্রাম বাংলাদেশবাংলা

সাপের কামড়ে বিএনপি নেতার মৃত্যু, তদন্ত কমিটি গঠন

বাংলা টিভি ডেস্ক: পটুয়াখালীর গলাচিপায় বিষধর সাপের ছোবলে এক বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। সঠিক চিকিৎসা না পাওয়া ও অ্যান্টিভেনম প্রয়োগ না করার অভিযোগ ওঠায় রোববার (৯ আগস্ট) দুপুরে পটুয়াখালী জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাহিদ আল রাকিব এ কমিটি গঠন করেন।

গঠিত কমিটিকে আগামী সাত দিনের মধ্যে সরেজমিন তদন্ত শেষ করে বিস্তারিত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। কমিটিতে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (সার্জারি) ডা. শেখ সহিদুল ইসলামকে সভাপতি এবং পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন) ডা. তাসমিয়া ছালছাবিলকে সদস্য সচিব করা হয়েছে। এ ছাড়া কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন পটুয়াখালী বক্ষব্যাধি ক্লিনিকের মেডিক্যাল অফিসার ডা. মো. রেজাউর রহমান।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে গলাচিপা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন মৃধাকে বিষধর সাপ ছোবল দেয়। স্বজনেরা দ্রুত তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার রক্তচাপ বৃদ্ধি পায় এবং তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। রোগীর অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। কিন্তু হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত থাকার পরও তা জাকির হোসেনকে দেয়া হয়নি। চিকিৎসায় অবহেলার এই অভিযোগ তদন্তেই শেষ পর্যন্ত অফিশিয়াল পদক্ষেপ নিল স্বাস্থ্য বিভাগ।

সংশ্লিষ্ট খবর

Back to top button