সাঁওতাল হত্যা ও ভূমিদস্যুদের উপযুক্ত বিচার দাবি

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে তিন সাঁওতাল হত্যার বিচার, ভূমিদস্যুদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ ও বাপ-দাদার জমি রক্ষার দাবি জানিয়েছে সাঁওতাল-বাঙালিরা। ‘আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আদিবাসী তরুণরাই মূল শক্তি’ প্রতিপাদ্যে রোববার সারাদেশের ন্যায় গাইবান্ধায়ও আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়। কর্মসূচি থেকে এসব দাবি জানান নেতৃবৃন্দ।
রোববার (৯ আগস্ট) দুপুরে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাব মিলনায়তনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এতে সাঁওতাল নারী-পুরুষরা ঐতিহ্যবাহী পোশাক পরে তীর-ধনুক ও বাদ্যযন্ত্রসহ তাদের অধিকার ও দাবি সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।
সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, জাতীয় আদিবাসী পরিষদ, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদ, কাপেং ফাউন্ডেশন, এএলআরডি, বাংলাদেশ আদিবাসী ফোরাম, আদিবাসী উন্নয়ন সংস্থা ঘোড়াঘাট ও গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের যৌথ উদ্যোগে সমাবেশে বক্তারা বলেন, ‘সাঁওতাল হত্যা, লুটপাট, অগ্নিসংযোগের ১০ বছর পেরিয়ে যাচ্ছে। অথচ এমন একটি বিভৎস, অমানবিক ঘটনার আজও বিচার হয়নি। সাঁওতাল হত্যার আসামী সাবেক এমপি আবুল কালাম আজাদ ও উপজেলা চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুলসহ আসামিদের গ্রেফতারের দাবি করেন।



