বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

বাংলা টিভি ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সোমবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক শুরু হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদনকেন্দ্রের (আইভেক) শিশুদের জন্য নির্ধারিত খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন দীনেশ ত্রিবেদী।

সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করে ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সবাই সম্মান করেন এবং তিনি নিজেও তার বক্তব্য একাধিকবার শুনেছেন। তার মতে, তারেক রহমান একজন জনবান্ধব নেতা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও জনবান্ধব বলে মন্তব্য করেন তিনি।

দুই দেশের সরকারপ্রধানের মধ্যে সরাসরি আলোচনা হলে বিভিন্ন সমস্যার সমাধান সম্ভব বলেও মন্তব্য করেন দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পথ তৈরি হয় এবং দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কের ভিত্তি শক্তিশালী।

ভারতীয় হাইকমিশনার আরও বলেন, দুই দেশের মধ্যে নেতিবাচকতার চেয়ে ইতিবাচক দিকই বেশি এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর বিষয়ে তিনি আশাবাদী।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজকের বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button