বাংলাদেশ

প্রেমিকার সঙ্গে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল প্রেমিকের

বাংলা টিভি ডেস্ক: পঞ্চগড়ের বোদায় প্রেমিকাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় স্বপন চন্দ্র রায় (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা তরুণীও আহত হয়েছেন।

রোববার (৯ আগস্ট) দুপুরে উপজেলার মাড়েয়া ইউনিয়নের ফুটকিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্বপন চন্দ্র রায় বেংহারী ইউনিয়নের ধনীপাড়া গ্রামের উপেন চন্দ্র রায়ের ছেলে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত যুবক ও তার সঙ্গে থাকা তরুণী প্রেমিক-প্রেমিকা ছিলেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে প্রেমিকাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে পঞ্চগড়ের দিকে যাচ্ছিলেন স্বপন। ফুটকিবাড়ি এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি সামনে থাকা একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কে পড়ে যায়। দুর্ঘটনায় স্বপন ও তার সঙ্গে থাকা তরুণী আহত হন।

পরে স্থানীয়রা গুরুতর আহত স্বপনকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মারুফা জানান, বিকেলে দুর্ঘটনায় আহত স্বপনকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানে নেওয়ার আগেই পথেই তার মৃত্যু হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button