বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চান মোদি: ভারতীয় হাইকমিশনার

বাংলা টিভি ডেস্ক: প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
সোমবার (১০ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন গণতান্ত্রিক ও দ্বিপক্ষীয় ইস্যু রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। এসব বিষয়কে কূটনীতি ও গণতন্ত্রের স্বাভাবিক অংশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আলোচনার মাধ্যমেই সমস্যাগুলোর সমাধান সম্ভব।
তিনি আরও বলেন, দুই দেশের ইতিহাস ও সীমান্তের বাস্তবতা পরিবর্তন করা সম্ভব নয়। বাংলাদেশ ও ভারত একে অপরের সঙ্গে নিজেদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা ভাগ করে নেয়। তাই আগামী দিনগুলোতে দুই দেশের সম্পর্ক আরও ভালো হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
দুই দেশকেই নিজ নিজ সমস্যাগুলো সমাধানে আন্তরিকভাবে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান ভারতীয় হাইকমিশনার। তার মতে, এমন কোনো সমস্যা নেই, যা আলোচনায় বসে সমাধান করা সম্ভব নয়। বাংলাদেশ ও ভারতের সাধারণ মানুষও দুই দেশের সম্পর্ক আরও ভালো দেখতে চায় বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে দীনেশ ত্রিবেদী বলেন, দায়িত্ব নেওয়ার পর গত দুই মাসে তিনি বাংলাদেশে যে আন্তরিকতা, ভালোবাসা ও আতিথেয়তা পেয়েছেন, তা তাকে সত্যিই অভিভূত করেছে।



