রাজনীতি

‘হাসিনাকে ভারতের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক অর্থহীন’

বাংলা টিভি ডেস্ক: ভারত তার ভূখণ্ড ব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশবিরোধী রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার দাবি, এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের সার্বভৌমত্ব, বিচারব্যবস্থা ও জনগণের গণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতি সরাসরি অবমাননা।

সোমবার (১০ আগস্ট) দিবাগত রাত ১টা ৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলা ও ইংরেজিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

পোস্টে তিনি বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টির সমাধান না করে ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার কোনো উদ্যোগ জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।

নাহিদ ইসলামের অভিযোগ, গত দুই বছর ধরে ভারত তার ভূখণ্ডে শেখ হাসিনাকে অবস্থান করে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড চালানোর সুযোগ দিয়ে আসছে। সম্প্রতি বাংলাদেশের আপত্তি উপেক্ষা করে দিল্লিতে শেখ হাসিনার কথিত সংবাদ সম্মেলনের ঘটনাকে তিনি ভারতের বাংলাদেশবিষয়ক নীতিতে পরিবর্তন না আসার প্রমাণ হিসেবে উল্লেখ করেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির আহ্বায়ক। তার মতে, শুধু বিবৃতি দেওয়ার পরিবর্তে ভারতের কাছ থেকে কার্যকর জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন ছিল।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠক করলেও ৫ আগস্টের ঘটনার বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা বা দুঃখ প্রকাশের তথ্য প্রকাশ্যে আসেনি। গুরুত্বপূর্ণ এই বিষয়টি উচ্চপর্যায়ের বৈঠকে যথাযথ গুরুত্ব না পাওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি।

ভারতীয় হাইকমিশনারের ‘shared dream’ বা অভিন্ন স্বপ্নের বক্তব্যের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের জনগণ কোনো সম্প্রসারণবাদী রাজনৈতিক স্বপ্নের অংশ হতে চায় না। দিল্লি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ বা প্রভাবিত করার অধিকার রাখে—এমন সম্পর্কও জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম সরকারের প্রতি ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আরও দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানান। তার দাবি, ৫ আগস্টের ঘটনার স্পষ্ট ব্যাখ্যা ও দুঃখ প্রকাশ, শেখ হাসিনা ও ওসমান হাদীর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের প্রত্যর্পণ এবং ভারতের ভূখণ্ড থেকে বাংলাদেশবিরোধী রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, ভারতের ভূখণ্ড ব্যবহার করে আওয়ামী লীগের পলাতক নেতারা বাংলাদেশবিরোধী রাজনৈতিক বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড পরিচালনার সুযোগ পেলে একই সময়ে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ অর্থবহ হবে না।

নাহিদ ইসলামের ভাষ্য, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অজুহাতে বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা উচিত নয়। সম্পর্ক স্বাভাবিক করার আগে বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড বন্ধ এবং সাম্প্রতিক ঘটনাগুলোর জন্য জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।

সংশ্লিষ্ট খবর

Back to top button