মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার চর খোয়াজপুর টেকেরহাট এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি পিস্তল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে সদর মডেল থানাধীন চর খোয়াজপুর টেকেরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
মাদারীপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস রিলিজে জানানো হয়, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাদকদ্রব্য এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে চর খোয়াজপুর টেকেরহাট এলাকার আ. জব্বার তালুকদার (৭৮)-এর মালিকানাধীন তিনতলা ভবনের তৃতীয় তলার উত্তর পাশের প্রথম ইউনিটের ভাড়াটিয়া পলাতক আসামি সাব্বির হোসেন হৃদয়ের (২৬) বসতঘর থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি আগ্নেয়াস্ত্র (পিস্তল) উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবা ও অস্ত্রের ঘটনায় পলাতক আসামি সাব্বির হোসেন হৃদয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মাদারীপুর জেলা পুলিশ জানায়, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজসহ অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে তাদের কঠোর অভিযান অব্যাহত থাকবে।



