রাজনীতি

আমার সহধর্মিণী আমার জীবনের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি: মির্জা ফখরুল

বাংলা টিভি ডেস্ক: বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার স্ত্রী রাহাত আরা বেগমকে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করেছেন। রাজনৈতিক জীবনের নানা সংকট ও প্রতিকূল সময়ে স্ত্রীর সাহস, ত্যাগ ও সহযোগিতার কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন তিনি।

সম্প্রতি একটি অনলাইন সংবাদমাধ্যমকে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে পারিবারিক জীবন ও রাজনীতিতে স্ত্রীর ভূমিকা নিয়ে কথা বলেন মির্জা ফখরুল। সেখানে তিনি জানান, বিয়ের পর থেকেই তার জীবন অনেকটা অনিশ্চিত হয়ে পড়ে। পরবর্তীতে রাজনীতিতে সক্রিয় হওয়ার পর সেই অনিশ্চয়তা আরও বেড়ে যায়। এমন পরিস্থিতিতেও স্ত্রী সবসময় তার পাশে ছিলেন বলে জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, তার স্ত্রী দীর্ঘদিন একটি বীমা প্রতিষ্ঠানে চাকরি করেছেন এবং একই সঙ্গে সন্তানদের পড়াশোনা ও পরিবারের দায়িত্ব সামলেছেন। মেয়েদের হলিক্রস স্কুলে পড়ানোর সময় পরিবারের নানা সদস্যকে গণপরিবহনে চলাচল করতে হয়েছে। সংসারের দায়িত্ব পালন করতে গিয়ে স্ত্রীকে অনেক কষ্ট ও পরিশ্রম করতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

রাজনৈতিক জীবনের কঠিন সময়ের স্মৃতিও তুলে ধরেন বিএনপির এই নেতা। তিনি জানান, বিভিন্ন সময়ে পুলিশ তাকে আটক করতে এলে তার স্ত্রী সাহসের সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছেন। এমনকি একবার রাতে পুলিশ বাসায় অভিযান চালানোর পরও তিনি ভোর হওয়ার আগে দরজা খুলতে রাজি হননি। পরে গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে ভোরে দরজা খোলা হয় এবং পুলিশ তাকে নিয়ে যায়।

স্ত্রীর সাহসিকতার প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, রাজনীতির কারণে তার স্ত্রী কখনো বিরক্ত হননি। বরং দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রতিকূল সময়ে তিনি সাহস জুগিয়েছেন এবং পরিবারের দায়িত্ব সামলে সবসময় পাশে থেকেছেন।

মির্জা ফখরুলের মতে, তার রাজনৈতিক জীবনের দীর্ঘ পথচলায় স্ত্রীর এই ত্যাগ, সহযোগিতা ও মানসিক শক্তির গুরুত্ব অপরিসীম। তিনি স্ত্রীকে পাশে পাওয়াকে নিজের জীবনের সৌভাগ্য হিসেবেও উল্লেখ করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button