আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

বাংলা টিভি ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরকে গুজব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বুধবার (১২ আগস্ট) রাজধানীর ফরেইন সার্ভিস একাডেমিতে বিশ্ব যুব দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিষয়টি গুজবেরই অংশ। একই সঙ্গে ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়েও কথা বলেন তিনি। তার মতে, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এমন কোনো জটিলতা নেই, যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব নয়।
অনুষ্ঠানে তরুণদের গুরুত্ব তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, তরুণরাই একটি দেশ ও জাতির সবচেয়ে বড় শক্তি। বিভিন্ন দুর্যোগ ও সংকট মোকাবিলায় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যথাযথ শিক্ষা ও দক্ষতা অর্জনের সুযোগ পেলে তরুণরা দেশের উন্নয়নে আরও কার্যকর অবদান রাখতে পারবে।
তিনি আরও বলেন, বিশ্ব বর্তমানে দ্রুত তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে তরুণদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তরুণদের শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তা ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।



