বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: পাটওয়ারী

বাংলা টিভি ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপিকে নিয়ে কঠোর মন্তব্য করেছেন। তিনি বলেছেন, বিএনপি এখন জনগণের জন্য ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে এবং সময় থাকতে এই কাঁটা সরানো প্রয়োজন।
বুধবার (১২ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পাটওয়ারীর মতে, কেউ কেউ বিএনপিকে আরও সময় ও সুযোগ দেওয়ার কথা বললেও তিনি এর সঙ্গে একমত নন। তার দাবি, গণঅভ্যুত্থানের পর থেকেই দলটির কর্মকাণ্ড ও রাজনৈতিক অবস্থান সম্পর্কে যথেষ্ট ধারণা পাওয়া গেছে।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ও ভারতনির্ভর রাজনীতির পুরোনো ধারা আবারও ফিরে আসার আশঙ্কা তৈরি হয়েছে, যা দেশের সার্বভৌমত্বের জন্য উদ্বেগের বিষয়। একই সঙ্গে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
পাটওয়ারী বলেন, শিক্ষা, অর্থ, স্বাস্থ্য ও জ্বালানি খাতসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমে ব্যর্থতা দেখা যাচ্ছে বলে মানুষের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়েও তিনি সমালোচনা করেন।
দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে এনসিপির এই নেতা সম্ভাব্য জঙ্গি তৎপরতা, পাহাড়ি এলাকায় অস্থিরতা এবং ভবিষ্যতে খাদ্যসংকটের আশঙ্কার কথা উল্লেখ করেন।
বিএনপির রাজনৈতিক চরিত্র নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, বর্তমান বিএনপি জিয়াউর রহমান বা খালেদা জিয়ার সময়ের বিএনপি নয়। বরং দলটি ধীরে ধীরে একটি ‘মাফিয়া-গোষ্ঠীনির্ভর’ রাজনৈতিক কাঠামোয় পরিণত হচ্ছে—এমন অভিযোগ ও আশঙ্কা জনমনে তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।
সবশেষে পাটওয়ারী বলেন, ক্ষত ছোট থাকতেই চিকিৎসা করা প্রয়োজন। রাজনৈতিক সংকট গভীর হলে তার বোঝা শুধু কোনো একটি দল নয়, পুরো জাতিকে দীর্ঘদিন বহন করতে হতে পারে। বাংলাদেশের স্বার্থ, সার্বভৌমত্ব ও জনগণের ভবিষ্যতের কথা বিবেচনায় রেখে সময় থাকতেই এই ‘রাজনৈতিক গলার কাঁটা’ সরানো প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।



