বাংলাদেশ

মায়ের সঙ্গে স্ত্রীর ঝগড়া, ক্ষোভে ২ সন্তানকে ২ হাওরে ফেলে হত্যা করলেন বাবা

বাংলা টিভি ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যার অভিযোগে তাদের বাবা কামরুল মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১২ আগস্ট) সকালে পৃথক দুটি স্থান থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো শ্যামারচর মধুপুর গ্রামের কামরুল মিয়ার ছেলে মুহাদ্দিস মিয়া (৭) ও মেয়ে তুলনা আক্তার (৪)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার থেকে শিশু দুজন নিখোঁজ ছিল। সন্তানদের খুঁজে পাওয়া যাচ্ছে না জানিয়ে পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে নিয়ে তাদের খোঁজাখুঁজি করেন কামরুল মিয়া। তবে তার কথাবার্তা ও আচরণে স্থানীয়দের সন্দেহ তৈরি হয়।

মঙ্গলবার গ্রামবাসী তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি পরদিন সকালে শিশু দুটির বিষয়ে জানাবেন বলে জানান। পরে বুধবার স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে সন্তান দুটিকে হত্যার কথা স্বীকার করেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।

এরপর কামরুলের দেওয়া তথ্যের ভিত্তিতে দিরাই-সিলেট সড়কের মদনপুর এলাকার দেখার হাওর এবং জাউয়া সংলগ্ন হাওর থেকে পৃথকভাবে দুই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

দিরাই থানার ওসি আমিনুল ইসলাম জানান, শিশু দুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাদের বাবা কামরুল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

প্রাথমিক তদন্তে পারিবারিক বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। ওসি জানান, কামরুলের স্ত্রী ও তার মায়ের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ছিল। সেই ক্ষোভ থেকেই দুই সন্তানকে হাওরে ফেলে হত্যার ঘটনা ঘটতে পারে।

তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না বা ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। দুই শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button