বাংলাদেশ

১৬ বছরের সমস্যা ৫-৬ মাসে সমাধান সম্ভব নয়: মাহদী আমিন

বাংলা টিভি ডেস্ক: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, গত ১৬ বছরে জমে থাকা প্রশাসনিক ও অবকাঠামোগত সমস্যার কারণে দেশের জ্বালানি খাত বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। তার মতে, দীর্ঘদিনের এসব সমস্যা মাত্র পাঁচ-ছয় মাসে পুরোপুরি সমাধান করা সম্ভব নয়।

বুধবার (১২ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘এসডিজি অর্জনে পাঁচ বছর মেয়াদী কৌশলগত কাঠামো বাস্তবায়ন: নীতি, অংশীদারিত্ব ও অগ্রাধিকার’ শীর্ষক জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় সরকার স্বল্পমেয়াদি সমাধানের পাশাপাশি মধ্যমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দেশের নিজস্ব প্রাকৃতিক সম্পদ উত্তোলনের সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। কার্যকর উদ্যোগের মাধ্যমে মধ্যমেয়াদে এ সংকটের টেকসই সমাধান সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কর্মসংস্থান প্রসঙ্গে তিনি জানান, শিগগিরই ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে জেলা পর্যায়ে চাকরিপ্রার্থী ও নিয়োগদাতাদের মধ্যে সংযোগ তৈরি করা হবে। অনলাইন ও অফলাইন—দুই মাধ্যমেই কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি প্রয়োজনীয় কারিগরি দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর ব্যবস্থা থাকবে। প্রাথমিকভাবে বিভাগীয় পর্যায়ে কার্যক্রম শুরু করে পর্যায়ক্রমে দেশের সব জেলায় এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর বিষয়ে মাহদী আমিন বলেন, জাতীয় উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সুফল থেকে কোনো নাগরিককে বাদ না দেওয়াই সরকারের অন্যতম লক্ষ্য। তাদের সামাজিক সুরক্ষা ও জাতীয় অর্থনীতির মূলধারায় সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিকের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে। শুধু সাময়িক উন্নয়ন নয়, দীর্ঘমেয়াদে মানুষের সমস্যা সমাধান এবং জীবনমানের উন্নয়ন নিশ্চিত করার মতো প্রশাসনিক কাঠামো গড়ে তোলার লক্ষ্য রয়েছে।

সরকারের প্রথম বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে তিনি জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্য চাল, ডাল, তেল, চিনি ও আটাসহ বিভিন্ন পণ্যের ওপর কর ও ভ্যাট কমানো হয়েছে। এর ফলে বাজারে কৃত্রিম সংকট তৈরির সুযোগ কমেছে বলে দাবি করেন তিনি।

জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারদর বাড়লেও দেশের বাজারে এর দাম নিয়ন্ত্রণে রাখার কথা উল্লেখ করে মাহদী আমিন বলেন, নিম্নবিত্ত ও শ্রমজীবী মানুষের স্বস্তির কথা বিবেচনা করেই সরকার এ বিষয়ে কঠোর ব্যবস্থাপনা নিয়েছে। পাশাপাশি স্বাস্থ্য খাতে শিগগিরই এক লাখ নতুন পদ সৃষ্টি ও নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে, যার মধ্যে ৮০ হাজার পদে নারীদের অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি।

রাষ্ট্র পরিচালনায় বৈচিত্র্য ও সমঅধিকারের বিষয়েও গুরুত্ব দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। তার ভাষ্য, পাহাড় বা সমতল, ধর্ম-বর্ণ, রাজনৈতিক মতাদর্শ কিংবা শারীরিক সক্ষমতা—কোনো পরিচয়ের ভিত্তিতেই নাগরিকদের মধ্যে বৈষম্য করা হবে না। বৈচিত্র্যকে সম্মান করেই দেশের প্রতিটি মানুষকে সমান অধিকার, স্বাধীনতা ও উন্নয়নের সুযোগ দেওয়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button